প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৯:০৫ পিএম
ছবি-যাযাদি নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার সাজিবুল ইসলাম ওরফে অপূর্বর (২৪) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া রিমান্ডের এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরাতন সিনেমা হলের পাশ থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছের একটি দোকানের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। তিনি লুৎফুজ্জামান ফকির আলিফ নামে পরিচিত ছিলেন। ময়নাতদন্তে তাঁর শরীরে ছয়টি গুলির ক্ষত শনাক্ত হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তের অংশ হিসেবে গ্রেপ্তার অপূর্বকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।