ছবি: যাযাদিঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করার কথা জানিয়েছেন প্রধান মন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে চাপরাইল আবু বক্কর বিশ্বাস মকসেদ আলী কলেজে বিনামূল্যে চিকিৎসাসেবা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মরহুম অধ্যাপক ইউসুফ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে বক্ষব্যাধি, মেডিসিন ও চক্ষুরোগ বিষয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দিতে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় রাশেদ খাঁন ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে রাশেদ খাঁন বলেন, আজ থেকে নিয়ামতপুর ইউনিয়ন মাদকমুক্ত ঘোষণা করা হলো। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।
তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও চাদাবাজি সমাজ ও এলাকার উন্নয়নের অন্যতম বাধা। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অপরাধীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
কলেজের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন হলে এলাকার শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ হবে। পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ ও সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষ যেন সহজে চিকিৎসাসেবা পান, সে ক্ষেত্রে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, কলেজের অধ্যক্ষ মো. মশিউর রহমান, বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম, ইসরাইল হোসেন জীবন, অধ্যাপক আব্দুল মজিদ, ইলিয়াস রহমান মিঠু, হাফিজুর রহমান, মাহবুবুর রহমান মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মরহুম অধ্যাপক ইউসুফ স্মৃতি কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এ ক্যাম্পে বক্ষব্যাধি, মেডিসিন ও চক্ষুরোগ বিষয়ে রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের এ উদ্যোগের ফলে এলাকার অসহায় ও দরিদ্র মানুষ চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পান।