সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান ইমদাদুল হক মিলনের
কালীগঞ্জ, লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৭:৪৪ পিএম

লালমনিরহাটের কালীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ও বিশিষ্ট সাংবাদিক ইমদাদুল হক মিলন। বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় বস্তুগনিষ্ঠ ও সত্য প্রকাশে সাংবাদিকদের নির্ভীকভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান ইমদাদুল হক মিলন। মফস্বল সাংবাদিকতার নানা চ্যালেঞ্জ তুলে ধরে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সমাজের অবহেলিত মানুষের কথা বলা ও দেশের ইতিবাচক উন্নয়নে ভূমিকা রাখার পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আনিছুর রহমান লাডলা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম তাহামিদুল আলম তিতাসসহ ৫ উপজেলার গণমাধ্যম কর্মী ও স্থানীয় কবি, লেখক ও সাধারণ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গুণী এই লেখককে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।