প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৫ এএম আপডেট: ১৯.০৯.২০২৬ ১১:৫৬ এএম
সালমান শাহ ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহর ৫৫তম জন্মদিন আজ শনিবার (১৯ সেপ্টেম্বর)। ১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জে জন্ম নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই ‘স্বপ্নের নায়ক’।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ। তার মৃত্যুর পর কেটে গেছে প্রায় তিন দশক। এর মধ্যে চলচ্চিত্রে এসেছে নানা পরিবর্তন, পর্দায় এসেছেন অনেক নতুন নায়ক। কিন্তু সালমান শাহর জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। বরং সময়ের সঙ্গে তার প্রতি দর্শকের ভালোবাসা আরও গভীর হয়েছে।
মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। প্রথম সিনেমাতেই দর্শকের মনে জায়গা করে নেন তিনি। এরপর একের পর এক সিনেমায় অভিনয় করে অল্প সময়ের মধ্যেই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক।
নব্বইয়ের দশকের অন্যতম আলোচিত এই নায়ক চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। সেখানেও তার অভিনয় দর্শকের প্রশংসা পেয়েছে। ছোট্ট জীবনে কয়েক বছরের অভিনয়যাত্রা হলেও সালমান শাহ যে ভালোবাসা অর্জন করেছিলেন, তা প্রজন্ম পেরিয়ে আজও বহমান।