প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৪ পিএম
ছবি- যাযাদি কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ফুটবল খেলতে গিয়ে সাগরে ভেসে যাওয়া তিন বন্ধুর মধ্যে মোফাজ্জল ইমাম সীমান্ত নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় আড়াই ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা পয়েন্টে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় স্রোতের টানে ভেসে যাওয়া অপর দুইজনকে জীবিত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই পর্যটকের নাম মোফাজ্জল ইমাম ওরফে সীমান্ত (২০)। তাঁর বাড়ি কিশোরগঞ্জ জেলার শোলাকিয়ায়। তিনি স্থানীয় ওয়ালী নেওয়াজ খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সৈকতকর্মীদের ভাষ্য, সৈকতের পাড়ে নয় বন্ধু মিলে ফুটবল খেলার পর সমুদ্রে গোসল করতে নেমেছিলেন। একপর্যায়ে তাঁরা সাগরের পানিতে ফুটবল খেলছিলেন। হঠাৎ ফুটবলটি স্রোতের টানে সৈকত থেকে দূরে ভেসে গেলে সেটি উদ্ধারের জন্য তিন বন্ধু সাগরের গভীরে এগিয়ে যান। মুহূর্তেই সাগরের প্রবল স্রোতে তিনজনই ভেসে যেতে থাকেন এবং চিৱকার দিচ্ছিল।
এসময় সি-সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মোফাজ্জল ইমাম সীমান্ত সাগরে নিখোঁজ হন। এরপর শুরু হয় তাঁকে উদ্ধারে অভিযান।
সৈকত সংশ্লিষ্টদের মতে, সমুদ্রে স্রোতের গতিপথ ও পানির গভীরতা সম্পর্কে ধারণা না থাকায় পর্যটকেরা অনেক সময় সামান্য দূরে ভেসে যাওয়া কোনো বস্তু উদ্ধারে ঝুঁকিপূর্ণভাবে পানির গভীরে চলে যান। বিশেষ করে ফুটবল, বল কিংবা অন্যান্য সামগ্রী আনতে গিয়ে পর্যটকদের এমন বিপজ্জনকভাবে সাগরে এগিয়ে যাওয়ার ঘটনা প্রায়ই ঘটে। অথচ কয়েক মুহূর্তের অসতর্কতাই তখন পরিণত হতে পারে মর্মান্তিক প্রাণহানিতে।
সৈকতকর্মী, সি-সেইফ লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় ধরে সাগরের বিভিন্ন অংশে তল্লাশি চালান। প্রায় আড়াই ঘণ্টার অভিযানের পর রাত সাড়ে আটটার দিকে সুগন্ধা পয়েন্টের গ্রিন নেচার অংশে তাঁর মরদেহের সন্ধান মেলে। উদ্ধার হওয়া দুই পর্যটককে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সৈকতকর্মীদের ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন,আমরা সবসময় পর্যটকদের সাগরের পানিতে বেশী দুরে না যাওয়ার জন্য নির্দেশনা দিই । কিন্তু এত করে অনেকে আমাদের নিষেধ অমান্য করে সাতার কাটে দুরে গিয়ে বিপদে পড়ে। তারা বুঝে না পুকুর বা সুইমিংপুলের পানির টান নাই কিন্তু সাগরে যত দুরে যায় তত স্রোতের টান বেশী।