প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম
ঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রীঢাকা-সিলেট মহাসড়কের চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি। এ সময় তিনি দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের সিক্সল্যানের কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ পরিদর্শন করেন মন্ত্রী।
পরিদর্শনকালে তিনি চলমান কাজের অগ্রগতি, ভূমি সংক্রান্ত জটিলতা ও বিভিন্ন সমস্যা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, “ঢাকা-সিলেট মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় মহাসড়ক। সড়কটির উন্নয়ন প্রকল্পটি অনেক আগে নেওয়া হলেও কাজের অগ্রগতি সন্তোষজনক ছিল না। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।”
তিনি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে প্রকল্পের কাজ বর্তমানে প্রায় ৫৬ শতাংশ এগিয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি সংক্রান্ত জটিলতাগুলো নিরসন করে কাজ আরও দ্রুত এগিয়ে নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ এ মহাসড়কের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি যেখানে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো সংশোধন করে মানসম্মতভাবে প্রকল্পটি সম্পন্ন করা হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৯ সালের জুন মাসের মধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের উন্নয়নকাজ সম্পন্ন করে মহাসড়কটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
মহাসড়ক পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।