প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০২ পিএম
সংগৃহীত ছবিবসুন্ধরা স্পোর্টস সিটির জুলকান ইনডোর এরিনায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক কমব্যাট স্পোর্টস প্রতিযোগিতা ‘জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ (জেডএফসি)-এর দ্বিতীয় আসর ‘জেডএফসি ২: প্রাইড অব বাংলাদেশ’।
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) আয়োজনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ ও উদীয়মান ফাইটারদের পাশাপাশি বিভিন্ন দেশের অভিজ্ঞ অ্যাথলেটরা অংশ নেন। প্রতিযোগিতায় পাঁচটি মূল শিরোপাসহ একাধিক বাউট অনুষ্ঠিত হয়।
আয়োজনটির অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত বেয়ার-নাকল বক্সিং। গ্লাভস ছাড়া তিন রাউন্ডের এই বাউটে যুক্তরাষ্ট্রের ফাইটার উইল চপ মুখোমুখি হন ইরানের মোস্তফা আশৌরির। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে জয় পান উইল চপ।
বেয়ার-নাকল বক্সিংয়ের এই আয়োজনের মধ্য দিয়ে দেশের কমব্যাট স্পোর্টসে নতুন একটি অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানান আয়োজকরা।
জেডএফসি মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে মালয়েশিয়ার এরওয়ান্ডি কালাইকে হারিয়ে শিরোপা জিতেছেন বাংলাদেশের মুহাম্মদ রাশেদ। আন্তর্জাতিক আরেক বাউটে ফিলিপাইনের ফিলিপাস রাঙ্গাকে পরাজিত করে জয় পান বাংলাদেশের মনজুর আলম।
ডব্লিউএমও এশিয়া মুয়ে থাই চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের মসজিদুল রেজা ওমিও থাইল্যান্ডের থানাপাত তিথামের বিপক্ষে লড়ে জয় পান। এ ছাড়া জেডএফসি বক্সিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সুরা কৃষ্ণ চাকমা ইন্দোনেশিয়ার কুন্দিমাংয়ের বিপক্ষে জয় পেয়েছেন।
তবে বাংলাদেশের সিরাজুল রাব্বিকে হারিয়ে জয় পেয়েছেন সিঙ্গাপুরের শন রাফায়েল সানি।
খেলার পাশাপাশি জেডএফসি ২-এর গ্যালারিতেও ছিল তারকাদের উপস্থিতি। বাংলাদেশের জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষি আলম, মুসাফির সাঈদ বাচ্চু এবং পরিচালক কাজল আরেফিন অমি উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী জেফার রহমান, উপস্থাপক রাফসান শাবাবসহ দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত ব্যক্তিরাও গ্যালারিতে উপস্থিত ছিলেন।
চলতি বছরের এপ্রিলে ‘জেডএফসি ১: দ্য টেকওভার’ আয়োজনের মধ্য দিয়ে জুলকান ফাইটিং চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু হয়। দ্বিতীয় আসরের মাধ্যমে বাংলাদেশের কমব্যাট স্পোর্টসে আন্তর্জাতিক প্রতিযোগিতার পরিসর আরও বিস্তৃত হলো।