প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ এএম
সংগৃহীত ছবিআফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রেয়াস আইয়ার বাহিনী। আর এই জয়ের মাধ্যমে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আফগানিস্তান। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ পরপর দুই ম্যাচে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরেন। অধিনায়ক ইব্রাহিম জাদরান (৩৭) ও মিডল অর্ডারে রশিদ খান (১৬ বলে ২৮) এবং মোহাম্মদ নবীর (১৪ বলে ২০) ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫৯ রান তোলে আফগানরা।
ভারতের হয়ে দারুণ বোলিং করেন অলরাউন্ডার নিতীশ কুমার রেড্ডি। তিনি ৩ ওভারে ২৪ রান দিয়ে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন।
১৬০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ম্যাচের চিত্র বদলে দেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। দুজনে মাত্র ৩৮ বলে ৮৮ রানের ঝড়ো জুটি গড়েন। স্যামসন মাত্র ২০ বলে তার সপ্তম টি-টোয়েন্টি অর্ধশতক পূর্ণ করেন এবং ২২ বলে ৫৭ রান (৪টি ছক্কা ও ৭টি চার) করে আউট হন। অন্যদিকে অভিষেক শর্মা ১৯ বলে করেন ৩৯ রান।
পাওয়ার প্লেতে ভারত সংগ্রহ করে ৮২ রান। দুই ওপেনারের বিদায়ের পর ক্রিজে নামলেও সুবিধা করতে পারেননি দলনেতা শ্রেয়াস আইয়ার। ১১ বলে ১১ রান করে সাজঘরের পথ ধরেন তিনি। এদিকে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন ইশান কিষাণ ও তিলক ভার্মা। ইশান ৩৮ ও তিলক ১৫ রানে অপরাজিত থেকে ভারতের জয় নিশ্চিত করেন।