প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০ পিএম
প্রতীকী ছবিচুয়াডাঙ্গার জীবননগরে শ্বাসনালীতে বুকের দুধ আটকে ৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম জুনাইদ। সে আন্দুলবাড়িয়া গ্রামের মো. জিহাদের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে জুনাইদকে তার মা বুকের দুধ খাওয়াচ্ছিলেন। একপর্যায়ে দুধ শ্বাসনালীতে আটকে শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাইমুম সৈকত বলেন, “হাসপাতালে আনার পূর্বেই শিশুটির মৃত্যু হয়েছে।”
শিশুটির মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।