প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৯ পিএম
ছবি- যাযাদি লক্ষ্মীপুরে নিরাপদ খাদ্য আদালতের অভিযানে দুই খাদ্য ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ শনিবার দুপুরে ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারকে ১ লাখ টাকা এবং ইভা ট্রেডার্স নামের একটি খাদ্যপণ্য পরিবেশক প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের ঝুমুর এলাকার বিসমিল্লাহ মিষ্টি বাজারে অভিযান চালানো হয়। পরে দুপুরে উত্তর তেমুহনী সংলগ্ন কালী বাজার এলাকার ফিরোজ ভবনে মেসার্স ইভা ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করে নিরাপদ খাদ্য আদালত ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে খাদ্যপণ্যের মান ও নিরাপদ খাদ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় যাচাই করা হয়।
পরে সামারি ট্রায়ালের মাধ্যমে দুই প্রতিষ্ঠানকে জরিমানার রায় দেন নিরাপদ খাদ্য আদালতের বিচারক ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ওমর ফারুক।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং এসআরবি-১১ নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন।
কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।