প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ পিএম
ছবি-যাযাদি‘শান্তির সংস্কৃতি গড়ে তুলি, সহিংসতা ও বিভাজনকে না বলি’—এমন প্রত্যয়ের মধ্য দিয়ে ফেনীর পরশুরামে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে পরশুরাম উপজেলা পরিষদ সড়কে পিস ফ্যাসিলিটেটর গ্রুপের (পিএফজি) উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পিএফজির উপজেলা কো-অর্ডিনেটর এমএ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নূর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক, পৌর বিএনপির আহ্বায়ক কাজী ইউসুফ মাহফুজ, উপজেলা যুবদলের আহ্বায়ক শামছুল আলম শাকিল এবং উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন।
কর্মসূচিতে বক্তারা বলেন, শান্তি শুধু সংঘাতহীনতার নাম নয়; সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, ন্যায়বিচার ও মতপ্রকাশের স্বাধীনতার পরিবেশ নিশ্চিত করাও শান্তির গুরুত্বপূর্ণ অংশ। রাজনৈতিক ও সামাজিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধানের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গঠনে রাষ্ট্রের পাশাপাশি রাজনৈতিক দল, জনপ্রতিনিধি, প্রশাসন, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। বিশেষ করে তরুণদের মধ্যে সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদার করা গেলে সমাজে শান্তির পরিবেশ আরও সুদৃঢ় হবে।
এর আগে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ সড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। এতে পিএফজির সদস্য, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।