প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৯ পিএম আপডেট: ২১.০৯.২০২৬ ৫:১৪ পিএম
ছবি-যাযাদি জাতীয় গ্রিডের চাপ কমাতে সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নে গাজীপুরে জোরদার হচ্ছে সৌরবিদ্যুৎ কার্যক্রম। নবায়নযোগ্য জ্বালানির ব্যাপক প্রসার ও গ্রাহকদের মানসম্মত সেবা দিতে সোলার সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির উদ্যোগ নিয়েছে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এ উপলক্ষে রাজেন্দ্রপুরে অবস্থিত সমিতির সদর দপ্তর কার্যালয়ে এক অবহিতকরণ সভার আয়োজন করা হয়। ‘সোলার সিস্টেম স্থাপনে সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির প্রক্রিয়া সংক্রান্ত’ এই সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল—গ্রাহক পর্যায়ে নিরাপদ, সাশ্রয়ী ও দক্ষ সোলার প্রযুক্তি পৌঁছে দেওয়া।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার এম এম আবুল কালাম আজাদের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম কারিগরি নজরুল ইসলাম মোল্লা, এজিএম রুবাইদ হোসেন, এজিএম (প্রশাসন) এ এইচ এম মুহিবিল্লাহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে কাপাসিয়া ও গাজীপুর সদরের প্রোভাইডাররা ও অংশ গ্রহন করেন।
সভায় তালিকাভুক্তির নিয়মাবলী ও দায়িত্ব নিয়ে বিশদ আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান—সরকারের দূরদর্শী বিদ্যুৎ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে যোগ্য প্রোভাইডারদের যুক্ত করার মাধ্যমে একদিকে যেমন সেবার মান নিশ্চিত হবে, অন্যদিকে জাতীয় গ্রিডের ওপর চাপ কমে নবায়নযোগ্য শক্তির প্রসারে গতি আসবে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এই সময়োপযোগী পদক্ষেপের ফলে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহী সাধারণ গ্রাহকরা খুব সহজেই উন্নত ও নির্ভরযোগ্য সরকারি সেবার সুফল পাবেন বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।