প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৩ পিএম
মৌলভীবাজার শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের কর্মচারী সুশান্ত চন্দ্র বিশ্বাস আটকহবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অভিযানে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে মৌলভীবাজার শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের এক কর্মচারীকে আটক করেছে বিজিবি।
সোমবার গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবি।
বিজিবি জানায়, গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধীন গুটিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকাস্থ উপজেলার মোংলামবস্তি চা বাগানে সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর কাছ থেকে শূন্যরেখা অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন সুশান্ত চন্দ্র বিশ্বাস (৩৪)। এ সময় বিজিবির টহলদল তাকে আটক করে।
আটক সুশান্ত চন্দ্র বিশ্বাস কিশোরগঞ্জ জেলার তাড়াইল থানার সাচাইল গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সত্যেন্দ্র চন্দ্র বিশ্বাস।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন অফিসে চুক্তিভিত্তিকভাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের সঙ্গে যোগাযোগ করে বিজিবি জানতে পারে, তিনি প্রায় এক মাস ধরে অনুমোদিত ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ সময় তার অবস্থান নিয়েও খোঁজ নেওয়া হচ্ছিল বলে জানা গেছে।
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে অবস্থান করেন। পরে একজন দালালের সহায়তায় সুযোগ বুঝে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টা করেন।
আটকের সময় তার কাছ থেকে দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, নগদ ১২ হাজার ১৮৫ টাকা, তার নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ছয়টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সীল ও ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধার করা পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।