প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি-যাযাদিব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার হিসেবে পরিচিত বাবুল মিয়া ওরফে ‘বাবুল ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, চুরি, অপহরণ ও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার চম্পকনগর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বাবুল মিয়া উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল সোমবার সকালে চম্পকনগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাবুল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, বাবুল মিয়ার বিরুদ্ধে আদালতে বিচারাধীন ১৮টি মামলার মধ্যে ৮টি ডাকাতি, একটি হত্যা, ৪টি চুরি, একটি অপহরণ ও একটি অস্ত্র মামলা রয়েছে। এছাড়া নারী ও শিশু নির্যাতন এবং মারামারির অভিযোগে আরও দুটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি ডাকাতি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
পুলিশ জানায়, বাবুল মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলায় ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বিজয়নগর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রাজিব সরকার বলেন, ‘বাবুল মিয়ার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অপরাধে ১৮টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’