প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ১২.১০.২০২৬ ৫:৫৪ পিএম (প্রিন্ট সংস্করণ)
বদরুল আলম সিলেটে সীমান্তবর্তী গোয়াইনঘাটে বদরুল আলম (৩৩) নামে সাবেক এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা সাদেক হোসেন নামে এক জন আহত হয়েছেন। রবিবার (১১ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের গোরাগ্রাম মসজিদ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। নিহত বদরুল আলম উপজেলার হাদারপার গ্রামের মৃত তজম্মুল আলীর ছেলে।
তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে গোয়াইনঘাট উপজেলা যুবদলের পদপ্রত্যাশী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফজর নামাজ থেকে বের হয়ে দেখেন দু’জন লোক সুলফি দিয়ে আরেকজনকে আঘাত করছে। তার চিৎকার শুনে লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
আহত সাদেক হোসেন দাবি করেন, বদরুল আলম এবং তিনি স্থানীয় মনরতল বাজার থেকে হাদারপারে বাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তাদের সঙ্গে ৩০ লাখ টাকা ছিল। গোরাগ্রাম এলাকায় পৌছামাত্র কয়েকজন তাদের পথরোধ করে টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে বদরুল আলম বাধা দিলে হামলাকারীরা দা, চাকু, ছুলফিসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই বদরুল আলমের মৃত্যু হয়।
সিলেটের গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।