প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১০ পিএম
ছবি-যাযাদি বৈশ্বিক ঋণসংকট নিরসন, জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত এবং অর্থনীতির ওপর জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীর পাড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বলেশ্বর নদীর পাড়ে রুহিতার বালু মাঠে পরিবেশ ও জলবায়ুবিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। থাইল্যান্ডের ব্যাংককে ১২ থেকে ১৮ অক্টোবর অনুষ্ঠিত আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভাকে কেন্দ্র করে এসব দাবি সামনে এসেছে।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মনোজ কুমার কীর্তনিয়া, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, পরিবেশকর্মী মাইনুল ইসলাম রেজা, জাকির হোসেন মুন্সি, স্থানীয় বাসিন্দা হারুন কাজী, পান্না হাওলাদার প্রমুখ ।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈদেশিক ঋণের বোঝা কমিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়াতে হবে। ঋণ পরিশোধের চাপের কারণে যেন সাধারণ মানুষের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে বেশি দায়ী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে। জলবায়ু অভিযোজনের নামে নতুন ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করা জরুরি। বক্তারা কৃষকের ন্যায্যমূল্য, ভূমিহীন মানুষের জমির অধিকার, পরিবেশ সুরক্ষা এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।
মানববন্ধন থেকে ঋণের শৃঙ্খল ভেঙে অর্থনীতির ওপর জনগণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।