প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি-যাযাদি বান্দরবানের আলীকদমে যুব রাইজিং স্টার অব আলীকদমের দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
সভাপতি পদে চেয়ার প্রতীকে সালাম মোহাম্মদ সাদ্দাম হোসেন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আতাউল্লাহ ছাতা প্রতীকে পেয়েছেন ৩৩ ভোট।
সহ-সভাপতি পদে ফুটবল প্রতীকে মো. ইশফাকুল ইসলাম ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মহিউদ্দিন বাইসাইকেল প্রতীকে পেয়েছেন ২৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে কলম প্রতীকে মো. মনিরুল ইসলাম ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জুবায়ের হোসেন বাদশা ল্যাপটপ প্রতীকে পেয়েছেন ২০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে আপেল প্রতীকে মো. নুর নবী (নুরখান) ৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক নয়ন উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৪৩ ভোট।
এ ছাড়া ক্যাশিয়ার পদে শেফায়েত উল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ১০৬ জন সদস্যের মধ্যে ৯২ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। চারটি পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল ছাফা ভূঁইয়া (বাবু), সদস্য মো. সাহাব উদ্দিন ও সদস্যসচিব ফরহাদুল ইসলাম বাপ্পী নির্বাচন পরিচালনা করেন।
আলীকদম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. নজরুল ইসলাম ও সমিতির সাবেক সেক্রেটারি এবং যুব রাইজিং স্টার অব আলীকদমের প্রধান উপদেষ্টা কায়েস উদ্দিনসহ বাজার কমিটির সদস্যরা নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন।
নির্বাচন চলাকালে সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আলীকদম থানা-পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।