ছবি-যাযাদি কক্সবাজারের টেকনাফে পাহাড়কেন্দ্রিক অপরাধ দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নতুন সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার ১৬ অক্টোবর ২০২৬ ইংরেজি টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদের আওতাধীন রঙ্গিখালী ও বাহারছড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন বড়ডেইল এলাকায় সেনা ক্যাম্প স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম অনীক চৌধুরী, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, এলজিইডি টেকনাফ উপজেলা প্রকৌশলী মোঃ আলাউদ্দিন খান, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব হাফেজ এনামুল হাসান প্রমূখ।
এছাড়াও এ সময় সেনাবাহিনীর কর্মকর্তাগণ, উপজেলা প্রশাসনের প্রতিনিধিগণ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বাহারছড়ার বড়ডেইল এলাকার পাহাড়ে ও হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালীতে প্রস্তাবিত সেনা ক্যাম্প স্থাপনের নির্ধারিত স্থান ঘুরে দেখা হয়। পাহাড়কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধপ্রবণ এলাকায় নিরাপত্তা জোরদার এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
স্থানীয়দের প্রত্যাশা নতুন সেনা ক্যাম্প স্থাপিত হলে পাহাড়কেন্দ্রিক অপরাধ দমন এবং টেকনাফের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
জানতে চাইলে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেন, জনসাধারণের স্বার্থে ও জাতীয় নির্বাচন চলাকালীন ক্যাম্প স্থাপন এটা জনসাধারণের কাছে প্রতিশ্রুতি ছিল। স্থানীয় সহ আগত পর্যটকরা যাতে নিরাপদে থাকতে ও আসতে পারে তাই আমার এ উদ্যোগ। পাশাপাশি অবৈধ অস্ত্রের ঝনঝনানি, মাদক, মানবপাচার, অপহরণ শূন্যের কোটায় নিয়ে আসতে হলে একটি সেনা ক্যাম্প জরুরী দরকার তাই এ ক্যাম্পগুলো স্থাপন হতে যাচ্ছে।
জনসাধারনের স্বার্থে আমার অনুরোধে এ সেনা ক্যাম্পগুলো স্থাপন কার্যক্রমে সর্বোচ্চ সহযোগিতা করায় আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতি আমার এলাকার জনসাধারণের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ওনারা সহযোগীতা না করলে আমার এ কার্যক্রমের সফল বাস্তবায়ন কখনো সম্ভব হত না।