প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য 'ফ্যাক্ট চেকিং'-এর উপর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)।
আজ শনিবার (১৭ অক্টোবর) দুপুরে চবির ব্যবসায় প্রশাসন অনুষদের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চবির প্রায় ১৫ জন সাংবাদিক অংশ নেন।
চবিসাসের সভাপতি রেফায়েত উল্যাহ রুপকের সভাপতিত্ব ও সহসভাপতি আজিম সাগরের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর।
তিনি বলেন, "সাংবাদিকতা কঠিন একটা পেশা। তথ্য সংগ্রহ করে তা সংবাদ উপযোগী করে প্রকাশ করা সহজ কাজ নয়। পাশাপাশি সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে লিখতে হয়। সুতরাং, আমরা যেন যান্ত্রিকতার চেয়ে মননশীলতাকে প্রাধান্য দিই।"
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ও ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম 'দ্য ডিসেন্ট'-এর রিপোর্টার এবং চবিসাসের সাবেক সভাপতি মাহবুব এ রহমান।
প্রশিক্ষণে ফ্যাক্ট চেকিং কী এবং কেন দরকার, বিভিন্ন মাধ্যমে কীভাবে মিথ্যা তথ্য, অপতথ্য ও গুজব ছড়ায়, তা তুলে ধরা হয়। এসব তথ্য যাচাইয়ের জন্য ব্যবহৃত অনলাইন টুলসের পরিচিতি ও ব্যবহারও দেখানো হয়।
এছাড়া সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার ও ডেটা জার্নালিজম সম্পর্কেও ধারণা দেওয়া হয়।