প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৯:৩১ পিএম আপডেট: ১৭.১০.২০২৬ ১০:১৪ পিএম
ছবি: এপি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আগামীকাল রোববার ঢাকায় আসতে পারেন। ভুটানের থিম্পু সফরে যাওয়ার পথে স্বল্প সময়ের জন্য বাংলাদেশে ট্রানজিট নেওয়ার সম্ভাবনা রয়েছে তার। তবে ইনফান্তিনো বাংলাদেশে যাত্রাবিরতি করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। সম্ভাব্য এ সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ফিফা সভাপতি ভুটানের রাজধানী থিম্পু সফর করবেন। তবে সেখানে সরাসরি বিমান যোগাযোগের সীমাবদ্ধতার কারণে তাকে যাত্রাপথে অন্য কোনো বিমানবন্দরে ট্রানজিট নিতে হতে পারে। এ ক্ষেত্রে সৈয়দপুর, ঢাকা কিংবা ভারতের কোনো বিমানবন্দর ব্যবহার করতে পারেন তিনি।
বাফুফে সূত্রে জানা গেছে, ইনফান্তিনোর বাংলাদেশে ট্রানজিট নেওয়ার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। এ কারণে তার সম্ভাব্য আগমন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে ফেডারেশন। তবে তিনি ঢাকায় এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার প্রস্তুতি রাখা হয়েছে।
এ বিষয়ে বাফুফের সাধারণ সম্পাদক শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান। ফিফা সভাপতি বাংলাদেশে ট্রানজিট নিলে ইমিগ্রেশনসহ অন্যান্য আনুষ্ঠানিকতা যাতে দ্রুত সম্পন্ন করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি ও সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইনফান্তিনো ঢাকার বিমানবন্দরের ভিআইপি জোনে ট্রানজিটে অবস্থান করলে তার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন বাফুফে সভাপতি ও সহসভাপতিরা। তবে সম্ভাব্য সাক্ষাতের বিষয়টিও নির্ভর করছে ফিফা সভাপতির বাংলাদেশে যাত্রাবিরতির সিদ্ধান্তের ওপর।