প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ১০:০২ পিএম
ছবি: সংগৃহীতআবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। প্রথম পাচ ওভারের মধ্যেই দুই ব্যাটারকে ফিরিয়ে দেন বাংলাদেশের এই পেসার। এরপর তাফাদজাওয়া সিগাকেও সাজঘরে পাঠান তিনি। তবে ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিনের দৃঢ় ব্যাটিংয়ে প্রাথমিক ধাক্কা সামলে ঘুরে দাড়ায় জিম্বাবুয়ে। শেষ দিকে প্রত্যাশিত রান তুলতে না পারলেও বাংলাদেশকে ২৭২ রানের লক্ষ্য দিয়েছে দলটি।
ইনিংসের প্রথম ওভারেই জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে আঘাত হানেন তাসকিন। তার করা ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ব্রায়ান বেনেট। রানের খাতা খোলার আগেই বিদায় নিতে হয় তাকে।
এরপর পঞ্চম ওভারের প্রথম বলে বেন কারানকে এলবিডব্লিউয়ের ফাদে ফেলেন তাসকিন। ছয় রান করে ফেরেন কারান। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
সেই চাপ আরও বাড়িয়ে দেন তাসকিন। তাফাদজাওয়া সিগাকে ১৬ রানে নুরুল হাসান সোহানের গ্লাভসবন্দী করে সাজঘরে ফেরান তিনি। মাত্র ২৪ রানে তিন উইকেট হারিয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে জিম্বাবুয়ে। তখন দলটির পক্ষে লড়াই করার মতো সংগ্রহ গড়া কঠিন বলেই মনে হচ্ছিল।
তবে চতুর্থ উইকেটে ঘুরে দাড়ানোর চেষ্টা করেন ব্রেন্ডন টেলর ও ক্রেইগ আরভিন। দুজনের প্রতিরোধে ধীরে ধীরে রান বাড়তে থাকে জিম্বাবুয়ের স্কোরবোর্ডে। বাংলাদেশের বোলারদের চাপ সামলে তারা দলের ইনিংস মেরামতের দায়িত্ব নেন। তাদের ব্যাটিংয়ে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে লড়াইয়ে ফেরে জিম্বাবুয়ে। শেষ দিকে জিম্বাবুয়ের ব্যাটাররা বড় সংগ্রহ গড়তে না পারলেও দলটি বাংলাদেশের সামনে ২৭২ রানের লক্ষ্য দাড় করায়। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে জিততে হলে শুরু থেকেই দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বড় জুটি গড়তে হবে।