
নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পূর্বধলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন তাঁরা।
রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় পূর্বধলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহীন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সদস্য নুর উদ্দিন মণ্ডল দুলাল, জাকির আহমদ খান কামাল, এমদাদুল ইসলাম, মো. শফিকুজ্জামান, হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া সোহেল, এনটিভির প্রতিনিধি এসএম ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আব্দুল্লাহ, সদস্য ডা. মো. শহিদুল্লাহ, আজকের আরবানের সহসম্পাদক আবুল আরশাদ, অর্থ সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, দিনকালের উপজেলা প্রতিনিধি আল-ইমরান ও আল মনসুরসহ অন্যরা।
বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য গভীর উদ্বেগের বিষয়। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের জীবন ঝুঁকির মুখে পড়লে সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের ওপর হামলা ও হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়টি আগে থেকেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি। তাঁরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী, পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।
বক্তারা আরও বলেন, এ ঘটনায় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হলেও হত্যাকাণ্ডে জড়িত অন্যদের গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িত সবাইকে গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।
সমাবেশ থেকে দুর্গাপুর-কলমাকান্দা আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, সাংবাদিক আলিফ হত্যার বিচার নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তাঁরা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আজকের আরবানের স্টাফ রিপোর্টার নাহিদ আলম, ইমতিয়াজ আহমেদ সজিব, সাইফুল্লাহ মনসুর, মিঠু সরকার, শাহীন খন্দকার, আমিনুল হক, তুষার দত্ত ও মুজিবুর রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির।
আলিফ ফকির "ডিটেকটিভ আর্টিকেল" নামের একটি ফেসবুক পেইজের প্রতিষ্ঠাতা এবং পাশাপাশি বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোণা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।