প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০২ পিএম
ছবি: যাযাদিশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। পূজাকে কেন্দ্র করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। গুজব শনাক্ত ও সঠিক তথ্য তুলে ধরতে এসআরবির একটি বিশেষ দল কাজ করছে।
রোববার সকালে পঞ্চগড় কেন্দ্রীয় সার্বজনীন দুর্গা মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন রংপুর এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, দুর্গাপূজা ঘিরে সার্বিক ঝুকি পর্যালোচনা করে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে এসআরবি। জেলার ২৬৮টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের এসআরবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করবেন।
সহকারী পুলিশ সুপার আবু রোহানী পারভেজ রনী বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনো মাধ্যমে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপপ্রচার শনাক্ত করে প্রকৃত তথ্য তুলে ধরতে এসআরবির বিশেষ দল কাজ করছে।
তিনি আরও জানান, নিরাপত্তা জোরদার করতে পর্যাপ্ত টহল পরিচালনার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হবে। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হবে, যাতে পূজারীরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৬ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসবের সার্বিক সাফল্য কামনা করে এসআরবি।