প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৯ পিএম
ছবি: যাযাদিসুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে ইয়াবাসহ পুলিশের হাতে তুলে দিয়েছেন বাবা খোকা মিয়া। পরে ভ্রাম্যমাণ আদালতে তোফায়েল (২৬) নামে ওই যুবককে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) উপজেলার সলুকাবাদ ইউনিয়নের বাঘবেড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সহায়তায় বাবা খোকা মিয়া তার ছেলে তোফায়েলকে ইয়াবাসহ মাদক সেবনরত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সকিনা আক্তারের সামনে জিজ্ঞাসাবাদে তোফায়েল ইয়াবা সেবনের কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। এরপর তাকে কারাগারে পাঠানোর জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ, সলুকাবাদ ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক সেবন ও কেনাবেচার কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে।
এদিকে, ঘটনার পর তোফায়েল কয়েকজনের বিরুদ্ধে ইয়াবা সেবন, বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগ করেন। তাঁর অভিযোগে বাঘবেড় গ্রামের কালামিয়া, শফিক মিয়া, তুতামিয়া ও শাহাবুদ্দিন, আক্তাপাড়া গ্রামের এরশাদ মিয়া এবং রতারগাঁও গ্রামের হামিদ মিয়ার নাম উঠে এসেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।