প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: যাযাদিগাজীপুরের টঙ্গীতে জাতীয় দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি মহিন উদ্দিন রিপনকে অপহরণ, নির্যাতন ও গুরুতর জখম করে এক কোটি টাকা চাদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগ, মাদক ও সন্ত্রাস নিয়ে সংবাদ প্রকাশ বন্ধ করতে তাঁকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে টঙ্গী সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন মহিন উদ্দিন রিপন।
সাংবাদিক রিপনের ভাষ্য অনুযায়ী, সংবাদ সংগ্রহের কাজে সেনাকল্যাণ শপিং কমপ্লেক্সের সামনে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদের সঙ্গে কাজ শেষে তিনি সেখানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা ৪০ থেকে ৫০ জন অজ্ঞাত ব্যক্তি তাঁর চোখ-মুখ বেধে জোর করে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
রিপনের অভিযোগ, সেখানে তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করা হয়। দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং মাদকবিরোধী কোনো সংবাদ প্রকাশ না করার হুমকি দেওয়া হয়।
তিনি আরও অভিযোগ করেন, পরে তাকে অন্য একটি স্থানে নিয়ে এক নারীর সঙ্গে জোরপূর্বক আপত্তিকর ও নগ্ন ভিডিও ধারণ করা হয়। হাজীর মাজার বস্তির মাদক ও সন্ত্রাস নিয়ে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশ বা ফেসবুক লাইভ করলে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
রিপনের ভাষ্য, প্রায় দুই ঘণ্টা নির্যাতনের একপর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তাকে একটি অজ্ঞাত স্থানে ফেলে রেখে অভিযুক্ত ব্যক্তিরা চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর জ্ঞান ফিরে আসে।
এ বিষয়ে শাহ সিমেন্টের জেনারেল ম্যানেজার আসিফ মাহমুদ জানান, তিনি রিপনের সঙ্গে অবস্থান করার সময় একদল অপরিচিত ব্যক্তি তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। এরপর রিপনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে।