প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৪:০৫ পিএম
প্রতীকী ছবিময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শ্যাম্পুর বোতলে পানি মিশিয়ে তৈরি করা ফেনাযুক্ত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অপর এক শিশু সুস্থ রয়েছে বলে জানা গেছে। উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে ।
নিহত শিশুরা হলো, রাহাত বেপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি বেপারীর মেয়ে হুময়রা (৬)। পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মেয়াদোত্তীর্ণ শ্যাম্পু পানে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর একটি বড় বোতল ঘরের এক কোণে ফেলে রাখা হয়েছিল। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু বোতলটি বের করে প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলছিল। এ সময় তারা বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাযুক্ত পানি পান করলে তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে।
পরে শিশুর স্বজনরা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান সাজিতকে মৃত ঘোষণা করেন। হুমায়রাসহ আরেক শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন । পরে সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হুমায়রার মৃত্যু হয়। তবে, অপর শিশুটি সুস্থ আছে বলে জানা গেছে।
পাগলা থানার এসআই আনোয়ার হোসেন বলেন, শ্যাম্পু পান করে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।