আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম দেখতে চার দেশের কূটনীতিকেরা

যাযাদি রিপোর্ট

সারাদেশ

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, আধুনিক কারিগরি শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম

2026-10-26T19:57:28+06:00
2026-10-26T19:57:28+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রম দেখতে চার দেশের কূটনীতিকেরা
যাযাদি রিপোর্ট
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৭:৫৭ পিএম  
ছবি: যাযাদি
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ সক্ষমতা, আধুনিক কারিগরি শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার কার্যক্রম পরিদর্শন করেছেন সিঙ্গাপুর, মরক্কো, কসোভো ও মালদ্বীপের কূটনৈতিক প্রতিনিধিরা। সোমবার (২৬ অক্টোবর) গাজীপুরের সফিপুরে বাহিনীর একাডেমি ও প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) পরিদর্শনকালে তাঁরা বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ও আধুনিক সরঞ্জাম ঘুরে দেখেন।

প্রতিনিধিদলকে প্রশিক্ষণ অবকাঠামো, প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়ন, কর্মমুখী শিক্ষা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সম্ভাবনা সম্পর্কে অবহিত করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি বাহিনীর সাংগঠনিক কাঠামো, আধুনিকায়ন, সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে বাহিনীর ভূমিকা তুলে ধরেন।

মহাপরিচালক বলেন, তৃণমূল পর্যায় পর্যন্ত বিস্তৃত দেশের বৃহৎ এই স্বেচ্ছাসেবী ও আধাসামরিক বাহিনী সাত দশকেরও বেশি সময় ধরে জাতীয় নিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখছে। পরিবর্তিত জাতীয় প্রেক্ষাপটে বাহিনীতে বিভিন্ন কাঠামোগত সংস্কার করা হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বাহিনীর সর্বস্তরে ৫০ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। নিজস্ব আধুনিক এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ইআরপি) প্ল্যাটফর্মের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের সদস্যদের একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করা হয়েছে। পাশাপাশি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক ও ‘প্রকল্প সঞ্জীবন’-এর মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি এবং তৃণমূল পর্যায়ে উদ্যোক্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে মহাপরিচালক বলেন, অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি একবিংশ শতাব্দীর উপযোগী মানবসম্পদ গড়ে তোলাও বাহিনীর অগ্রাধিকার। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নীতিমালা ও বৈশ্বিক মানদণ্ড অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ও কারিগরি খাতে নিরাপদ ও নৈতিক অভিবাসন নিশ্চিত করার লক্ষ্যে জাপানসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলা হয়েছে বলে তিনি জানান।

মহাপরিচালক বলেন, নিজস্ব বায়োমেট্রিক ও তথ্যভান্ডার ব্যবস্থার মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা ছাড়াই নিরাপদ কর্মসংস্থান, প্রশিক্ষণ এবং বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ নিশ্চিত করতে কাজ করছে বাহিনী। তেজগাঁওয়ে নির্মাণাধীন আধুনিক সদর দপ্তর ও কল্যাণমুখী কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক ক্ষমতায়ন এবং দেশের নিরাপত্তা জোরদারে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

পরে প্রতিনিধিদল বৈদ্যুতিক গাড়িতে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তাঁরা ৬জি ওয়েল্ডিং কর্মশালা, সবুজ জ্বালানি ও সৌরবিদ্যুৎবিষয়ক প্রশিক্ষণ, ড্রাইভিং সিমুলেটর, ভ্রাম্যমাণ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ বাস, কুটিরশিল্প প্রশিক্ষণ, জাপানি ভাষা শিক্ষা, আতিথেয়তা ও রন্ধনশিল্প প্রশিক্ষণ কেন্দ্র ঘুরে দেখেন। এ ছাড়া নির্মাণ, ড্রাইভিং ও তৈরি পোশাকশিল্পবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমও পরিদর্শন করেন তাঁরা।

প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবহারিক দিক, আধুনিক সরঞ্জাম ও দক্ষতা অর্জনের সুযোগ সম্পর্কে অবহিত হন কূটনীতিকেরা। প্রশিক্ষণ ব্যবস্থার মান ও সুযোগ-সুবিধা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাহিনীর পক্ষ থেকে বলা হয়, ওয়েল্ডিং, নির্মাণ, ড্রাইভিং, তৈরি পোশাক, আতিথেয়তা ও রন্ধনশিল্পের মতো খাতে কারিগরি প্রশিক্ষণ দেশের শিল্প ও সেবা খাতের দক্ষ কর্মীর চাহিদা পূরণে সহায়ক হতে পারে। অন্যদিকে সৌরবিদ্যুৎ ও সবুজ জ্বালানিবিষয়ক প্রশিক্ষণ পরিবেশবান্ধব অর্থনীতির বিকাশে ভূমিকা রাখতে পারে। আইসিটি দক্ষতা ও জাপানি ভাষা শিক্ষার সমন্বয় প্রশিক্ষণার্থীদের আন্তর্জাতিক কর্মপরিবেশে কাজের প্রস্তুতি বাড়ানোর সুযোগ তৈরি করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৬০ লাখের বেশি সদস্যের নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থান, আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সুযোগ বাড়ানো সম্ভব। এসব উদ্যোগ দেশীয় শিল্পে দক্ষ কর্মীর চাহিদা পূরণ, বিদেশে কর্মসংস্থান এবং বৈদেশিক আয় বৃদ্ধিতেও অবদান রাখতে পারে।

পরিদর্শনে অংশ নেওয়া কূটনৈতিক প্রতিনিধিরা হলেন মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ ওং এবং মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
  বিষয়:   আনসার-ভিডিপি  কারিগরি প্রশিক্ষণ  বৈশ্বিক কর্মসংস্থান  দক্ষ জনশক্তি 


সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত