প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৩৭ পিএম
ছবি: যাযাদিমুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে দুই পর্যটক নিখোজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সেতুর চার ও পাচ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। নিখোজ ব্যক্তিদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ পুলিশ অভিযান চালাচ্ছে।
নিখোজ দুজন হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। তারা ঢাকার শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) ও চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে আটজনের একটি দল সোমবার দুপুর ১টার দিকে মাওয়া এলাকায় ঘুরতে আসেন। পরে তাঁরা চরের পথ ধরে হেটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় পৌঁছান। সেখানে দলের সদস্যরা নদীতে গোসল করতে নামেন।
একপর্যায়ে পদ্মার তীব্র স্রোতে মারুফ ও রাসেল তলিয়ে যান। সঙ্গে থাকা অন্য সদস্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সোমবার দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান শুরু করে।
তিনি জানান, নিখোজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। মাওয়া নৌ পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে পৌছে নিখোজ দুই পর্যটককে উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।