প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৯:৪৭ পিএম
প্রতীকী ছবিখুলনা মহানগরীতে অজ্ঞাতনামা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রাসেল (৩২) নামে এক রংমিস্ত্রি আহত হয়েছেন। এ সময় তার কাছ থেকে নগদ ৬০০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাত টার দিকে নগরীর সদর থানাধীন পূর্ব বানিয়াখামার এলাকার খাদিমুল মাদ্রাসার পাশের একটি গলিতে এ ঘটনা ঘটে। আহত রাসেল লবণচরা থানাধীন পুটিমারি রেলব্রিজ এলাকার বাসিন্দা। তার বাবার নাম আবুল কালাম শেখ।
পুলিশের প্রাথমিক তথ্য ও ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, রাসেল ওই গলি দিয়ে হেটে যাওয়ার সময় ছয় থেকে সাত জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা ধারালো চাকু দিয়ে তার বাম হাতের বাহুতে আঘাত করে। পরে তার কাছে থাকা নগদ ৬০০ টাকা ও ভিভো ভি-২০ মডেলের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত রাসেলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে আট টার দিকে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।