প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:২২ পিএম
ছবি-যাযাদি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে মো. নাজমুল হাসান (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক নাজমুল হাসান কুমিল্লার বুড়িচং উপজেলার হরিপুর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা। তাঁর বাবার নাম মো. হারিজ মিয়া। ‘নাজমুল ইবনে হারিজ’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মরহুমা বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলামকে জানান, সোমবার (২৬ অক্টোবর ) দুপুর ১২টার দিকে দাউদকান্দি টোল প্লাজা এলাকা থেকে বুড়িচং থানার ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল নাজমুল হাসানকে আটক করে। এ সময় উপপরিদর্শক (এসআই) রাকিব, এসআই জিয়া অভিযানে ছিলেন।
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল হাসান ফেসবুকে ওই মন্তব্য করার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।