ছবি-যাযাদি তিন দশকের শ্রেণিকক্ষে পাঠদান শেষে শিক্ষার্থীদের অর্থনীতি বোঝানো আর সহকর্মীদের সঙ্গে দীর্ঘ পথচলার ইতি টানলেন অধ্যাপক মহসিন। এভাবেই কেটে গেছে জীবনের সোনালী ৩০টি বছর। এভাবে রাঙ্গুনিয়া সরকারি কলেজের কর্মজীবনের অধ্যায় শেষ করলেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. মহসিন। শেষ কর্মদিবসে সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হলেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) শেষ কর্মদিবস উপলক্ষে কলেজে বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহকর্মীরা তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনের কথা স্মরণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানান।
কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আনিছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।
অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু ইউসুফ, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম সুজাউদ্দিন, সাবেক অধ্যাপক এন কে এম শাহরিয়ার, আবু মোহাম্মদ নুরুল মোমেন চৌধুরী, সৈয়দ মোহাম্মদ নাসিম উদ্দিন।
বক্তব্য দেন শিক্ষক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত্রী দাশ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও পরিষদের কোষাধ্যক্ষ মো. জাহেদুল আলম, অধ্যাপক নাছিমা আক্তার, মোহাম্মদ মোকতার হোসেন, ড. মর্তুজা মোরশেদুল আনোয়ার, হোমায়রা রওশন, সালাহ উদ্দিন,জাহাঙ্গীর আলম চৌধুরী,নাসির উদ্দিন সিকদার, জয়নাল আবেদীন, ইফতেখার আলম লাভলু, ইফতেখার হোসাইন, তাহমিনা ইয়াসমিন নূর, মোতাহের হোসাইন প্রমুখ।
অনুষ্ঠানে শিক্ষক পরিষদের নেতৃবৃন্দ অধ্যাপক মো. মহসিনের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে তাঁরা তাঁর কর্মজীবনের প্রতি শ্রদ্ধা ও শুভকামনা জানান।
শিক্ষকতা কেবল একটি পেশা নয়, প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞান ও অভিজ্ঞতায় সমৃদ্ধ করার দায়িত্বও। তিন দশকের কর্মজীবন শেষে অধ্যাপক মো. মহসিনের বিদায় তাই একটি কর্মপর্বের সমাপ্তি। রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকর্মীদের ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে নতুন অধ্যায়ে পা রাখলেন তিনি।