
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
আজ শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম শুরুর পুনঃস্থাপিত ঐতিহাসিক নামফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জীবন দিয়ে বেগম খালেদা জিয়া চিরদিনের মতো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তিনি আমাদের সেই মা। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠিত হয়েছে।’
তিনি বলেন, ‘১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসেছিলেন এবং আরএমপির কার্যক্রমের সূচনা করেছিলেন। সে সময় তিনি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। আরএমপি সরকারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। আইনশৃঙ্খলা রক্ষায় এটি সক্রিয় ভূমিকা পালন করছে।’
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মিনু বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতি আজ তাঁর জন্য কাঁদছে।’
রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান ভূমিমন্ত্রী। তিনি বলেন, বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ ভালো ও সচ্ছল ছিল। পরবর্তীতে অবৈধ চোরাচালান ও মাদক ব্যবসার মাধ্যমে অনেকে বিপুল অর্থের মালিক হয়েছে।
‘মাদক ও মাদক ব্যবসায়ীরা দেশ ও জাতির শত্রু’ উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
পুলিশের প্রতি রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে আইন প্রয়োগের আহ্বান জানিয়ে মিনু বলেন, ‘ইতিমধ্যে আরএমপি আস্থা অর্জন করেছে। আমরা এখানে সব নেতারা আছি। এ বিষয়ে আমরা কেউ কখনো আপনাদের কিছু বলব না। আইন নিজস্ব গতিতে চলুক।’
তিনি আরও বলেন, ‘আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেবেন।’
ভূমিমন্ত্রী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তাঁর নেতৃত্বেই দেশ সুখী ও সমৃদ্ধশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরএমপি কমিশনার মো. ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশবিষয়ক সম্পাদক ও বন শিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।