প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১২:০০ এএম আপডেট: ২৪.০৮.২০২৬ ৪:০২ পিএম (প্রিন্ট সংস্করণ)

কালচারাল রিপোর্ট
মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নতুন রূপে হাজির হয়ে সোশাল মিডিয়ায় আলোচনায় এসেছেন। এবার প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সাজে দেখা গেছে তাকে।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মধ্য দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালের দিকে ছোট পর্দায় অভিনয় শুরু করেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হ্যাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে ব্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী।
সম্প্রতি নিজের ব্লগ সিরিজের একটি পর্বে খালেদা জিয়ার চরিত্রের সাজে ক্যামেরার সামনে হাজির হন চমক। প্রয়াত এই নেত্রীকে নিয়ে তৈরি ভিডিওতে তাকে পরিচিত পোশাক ও সাজসজ্জায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর সোশাল মিডিয়ায় প্রশংসা পাচ্ছেন অভিনেত্রী।
ফেসবুকে ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ নামে ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব
প্রকাশ করেছেন তিনি। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই ভিডিওর ক্যাপশনে চমক লেখেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রীর গল্প- যাকে তিনি গণতন্ত্রের মা ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।
ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে। এতে হালকা রঙের পৃন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরা অবস্থায় দেখা যায় চমককে। তার সাজ ও উপস্থিতি খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে বেশ মিল রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।
ভিডিওটি প্রকাশের পর সোশাল মিডিয়ায় বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে যেন সত্যিই খালেদা জিয়া পর্দায় উপস্থিত হয়েছেন।
এর আগে চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হওয়ার জন্য বিএনপির হয়ে নমিনেশন পেপার কিনেও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেয়ার কথাও জানিয়েছিলেন।