খুলনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৫

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। ভারী বৃষ্টির পর নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায়

2026-08-24T16:58:04+06:00
2026-08-24T16:58:04+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
খুলনায় ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ২১৫
খুলনা ব্যুরো
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ৪:৫৮ পিএম  
খুলনায় দিন দিন বাড়ছে ডেঙ্গুর আতঙ্ক। ভারী বৃষ্টির পর নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। ঘরে বসে লেখাপড়া করতেও শিক্ষার্থীদের মশারি টানিয়ে থাকতে হচ্ছে। কর্মজীবী মানুষও মশার উৎপাত ও ডেঙ্গুর আতঙ্ক নিয়ে প্রতিদিনের কাজ চালিয়ে যাচ্ছেন।

খুলনা বিভাগে ডেঙ্গু সংক্রমণ বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ২১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ৩৪ জন ভর্তি হয়েছেন। তবে এ সময়ে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ১৬ জন।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশারফ হোসেন জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ৪ হাজার ৬০৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ হাজার ৯৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ৫৭১ থেকে ৫৭৫ জন রোগী।

জেলাভিত্তিক হিসাবে খুলনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এ জেলায় এখন পর্যন্ত ১ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩১ জন। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। এছাড়া বাগেরহাটে ১০৪ জন, যশোরে ৪৫ জন, ঝিনাইদহে ১২ জন এবং সাতক্ষীরায় ৮ জনসহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীরা চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকারি হাসপাতালগুলো। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের ভর্তি করাতে সমস্যায় পড়তে হচ্ছে স্বজনদের। কোনো কোনো ক্ষেত্রে হাসপাতালের নির্ধারিত শয্যার বাইরে রোগী রাখারও সুযোগ থাকছে না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে প্রতিদিন যে পরিমাণ ডেঙ্গু রোগী আসছেন, সে তুলনায় পর্যাপ্ত বেড নেই। ফলে রোগীদের চিকিৎসা দিতে চিকিৎসক ও সংশ্লিষ্টদের চাপের মধ্যে কাজ করতে হচ্ছে।

নগরবাসীর অভিযোগ, ভারী বৃষ্টির পর বিভিন্ন এলাকায় পানি জমে থাকায় মশার উপদ্রব বেড়েছে। দিনের পাশাপাশি সন্ধ্যা ও রাতেও মশার উৎপাত বাড়ছে। এতে শিক্ষার্থী, কর্মজীবীসহ সব শ্রেণি-পেশার মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নগরবাসী বলছেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় শুধু ওষুধ ছিটানো বা মশক নিধন কার্যক্রম নয়, নিয়মিতভাবে জমে থাকা পানি অপসারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং নগরজুড়ে কার্যকর পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা জরুরি।

খুলনা সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনে বিভিন্ন সময় কার্যক্রম পরিচালনা করা হলেও নগরবাসীর অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে এসব কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ডেঙ্গু পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন তারা।



সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি, লাভ রোড, তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত