মাদ্রাসার ভেতর ১৬ বছরের ছাত্রীর মৃত্যু, রহস্য উদঘাটনে মরদেহ ফরেনসিকে
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭ পিএম
সংগৃহীত ছবিমাদ্রাসার আবাসিক জীবনের নীরব পরিসরে হঠাৎ থেমে গেল ১৬ বছরের এক কিশোরীর প্রাণ। নাটোরের গুরুদাসপুরে হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসার ভেতর থেকে ওই আবাসিক ছাত্রীর মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যুকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের পর মরদেহটি রাজশাহীর ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের শ্যামপুর ওয়াপদা বাজার এলাকায় অবস্থিত হযরত রাবেয়া বসরী (রহ.) মহিলা হাফেজিয়া মাদ্রাসা থেকে ওই ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাঁর মা ও খালু তাঁকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সন্ধ্যার দিকে ঘটনাটি জানাজানি হলে ছাত্রীর মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ছাত্রীটি ওই মাদ্রাসার আবাসিক ছাত্রী ছিলেন। সেখানে থেকে তিনি পবিত্র কোরআন হিফজ করছিলেন।