প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪০ পিএম
ছবি-যাযাদিনওগাঁ শহরের নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ সময় মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে তিনজন এবং মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে আরও ছয়জনসহ মোট নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত নওগাঁ ডিবির ইনচার্জ ও নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সুইপার কলোনির ২ নম্বর গেটের সামনে অভিযান চালানোর সময় মুনি (৪৫) নামে এক নারীকে নারী পুলিশ সদস্যদের মাধ্যমে তল্লাশি করা হয়। এ সময় তাঁর কাছ থেকে কালো রঙের পলিথিনে মোড়ানো চারটি প্যাকেট থেকে ৩০০, ৩০০, ৩০০ ও ২৭০টি—মোট ১ হাজার ১৭০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাঁর সহযোগী হিসেবে মানিক (৩৮) ও শাওন (৪২) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুনির বাড়ি সুইপার কলোনিতে। মানিকের বাড়ি নওগাঁ শহরের বাগবাড়ি পূর্বপাড়ায় এবং শাওনের বাড়ি খাস নওগাঁ এলাকায় বলে জানিয়েছে পুলিশ।
এ ছাড়া একই অভিযানে সুইপার কলোনি এলাকা থেকে মাদক সেবন ও জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে সিয়াম (১৯), রাকিব (১৯), আবির হোসেন (১৯), মাসুদ রানা (৩২), মনোয়ার হোসেন (৪৮) ও রাজু মিয়া (৩২)কে গ্রেপ্তার করা হয়।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযানকে আরও জোরদার করার অংশ হিসেবে নুনিয়াপট্টি ও সুইপার কলোনিতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।