প্রতীকী ছবিপরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে গাজীপুর সাংবাদিক সমিতি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ৫ নম্বর ওয়ার্ডের বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ শীর্ষক এ কর্মসূচির আয়োজন করা হয়।
গাজীপুর সাংবাদিক সমিতির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও সাবেক পৌর কাউন্সিলর মো. মাহবুব আলম (মহি)।
প্রধান অতিথির বক্তব্যে মো. মাহবুব আলম (মহি) বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। ক্রমবর্ধমান নগরায়ণ ও জনসংখ্যার চাপের কারণে দিন দিন গাছপালা কমে যাচ্ছে। এতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। তাই পরিবেশ রক্ষায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগাতে হবে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একটি গাছ মানুষের জন্য অক্সিজেন সরবরাহের পাশাপাশি তাপমাত্রা নিয়ন্ত্রণ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন সরকার, বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমেদ এবং বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আজহারুল ইসলাম ঠান্ডু।
এ ছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোনাবাড়ীর বিশিষ্ট ব্যবসায়ী বেলায়েত হোসেন (পার্ক), গাজীপুর জেলা কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইউসুফ খানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
গাজীপুর সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক তারিকুল জুয়েল। তিনি অনুষ্ঠানটি পরিচালনাও করেন।
বক্তারা বলেন, শিল্পায়ন ও অপরিকল্পিত নগরায়ণের কারণে গাজীপুরে ক্রমেই সবুজের পরিমাণ কমে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন, সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষকে একযোগে কাজ করতে হবে।
পরে অনুষ্ঠানে অতিথিরা বাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় রোপণ করা চারাগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আয়োজকরা।
গাজীপুর সাংবাদিক সমিতির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত ব্যক্তিরা বলেন, এমন কর্মসূচি একদিকে যেমন পরিবেশ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াবে, অন্যদিকে গাজীপুরের সবুজায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।