মানুষের সেবায় দেশে ফিরতে চান বাবুল খন্দকার, বিটেশ্বরের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

দীর্ঘ প্রবাসজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফিরে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি

2026-09-19T19:54:04+06:00
2026-09-19T19:54:04+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
সারাদেশ
মানুষের সেবায় দেশে ফিরতে চান বাবুল খন্দকার, বিটেশ্বরের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৪ পিএম  
ছবি-যাযাদি
দীর্ঘ প্রবাসজীবন শেষে স্থায়ীভাবে দেশে ফিরে এলাকার মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সমাজসেবক মো. বাবুল খন্দকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে আসন্ন বিটেশ্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি স্থানীয় মানুষের মতামত, পরামর্শ, দোয়া ও সমর্থন চেয়েছেন।

সিঙ্গাপুরে দীর্ঘ কর্মজীবন শেষে ২০২৭ সালের জানুয়ারিতে অবসর নিয়ে স্থায়ীভাবে দেশে ফেরার সিদ্ধান্তের কথা জানিয়ে বাবুল খন্দকার বলেন, জীবনের বাকি সময়টুকু নিজের এলাকার মানুষের পাশে থেকে তাঁদের সেবায় নিয়োজিত থাকতে চান। নির্বাচিত হলে জনপ্রতিনিধি হিসেবে নয়, একজন ‘সেবক’ হিসেবে মানুষের পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন তিনি।

বাবুল খন্দকারের প্রার্থিতা ঘোষণার পর বিটেশ্বর ইউনিয়নে শুরু হয়েছে আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। দীর্ঘদিনের সামাজিক কর্মকাণ্ডের কারণে তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে বলে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রবাসে থেকেও বাবুল খন্দকার দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে আসছেন। মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ ও এতিমখানায় সহায়তার পাশাপাশি অসচ্ছল পরিবারের জন্য টিনের ঘর, টিউবওয়েল ও স্যানিটারি ল্যাট্রিন নির্মাণেও সহযোগিতা করেছেন তিনি।

বিটেশ্বর ইউনিয়নের বাসিন্দা ও গৌরীপুর মুন্সি ফজলুর রহমান সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. শাকিল চৌধুরী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে বাবুল খন্দকারকে ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে উল্লেখ করে বলেন, মানবিক কাজের মাধ্যমে তিনি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে পরিচিতি তৈরি করেছেন। তাঁর মতো সৎ ও জনবান্ধব মানুষ স্থানীয় সরকার পরিচালনায় এলে সাধারণ মানুষের জন্য তা ইতিবাচক হবে বলেও মন্তব্য করেন তিনি।

পার্শ্ববর্তী মারুকা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিয়াজী বলেন, “তিনি অত্যন্ত সাদা মনের মানুষ। এ ধরনের মানুষের জন্য শুভকামনা রইল।”

বিটেশ্বর বাজার কমিটির সাধারণ সম্পাদক নবীর হোসেন ব্যাপারী বলেন, “বাবুল খন্দকার দীর্ঘ বছর ধরে অসংখ্য মানুষ, মসজিদ, মাদ্রাসা, স্কুল ও রাস্তাঘাটের কাজে সহযোগিতা করে আসছেন। তিনি নির্বাচন করলে ভালো ফল করবেন—এমন আশা আমাদের।” এছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভাকাঙ্ক্ষীরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এলাকায় বাবুল খন্দকারের সামাজিক কর্মকাণ্ড নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁর প্রতি স্থানীয়দের একটি বড় অংশের ইতিবাচক মনোভাব রয়েছে। তাঁদের ভাষ্য, আর্থিকভাবে স্বচ্ছল হওয়ায় মানুষের কাছ থেকে নেওয়ার চেয়ে দেওয়ার মানসিকতাই তাঁর মধ্যে বেশি দেখা যায়। ফলে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলে তিনি জনসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হবেন—এমন প্রত্যাশা রয়েছে তাঁদের।

এর আগে বিটেশ্বর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দারাও তাঁকে দেশে ফিরে চেয়ারম্যান পদে নির্বাচন করার আহ্বান জানিয়েছিলেন। তখন বাবুল খন্দকার বলেছিলেন, মানুষের পাশে থাকার জন্য তিনি কাজ করে যেতে চান। এবার নিজের ঘোষণায় সেই আগ্রহকে আনুষ্ঠানিকভাবে সামনে আনলেন তিনি।

বাবুল খন্দকার তাঁর স্ট্যাটাসে বলেন, “মহান আল্লাহ আমাকে যথেষ্ট দিয়েছেন। জীবনের বাকি সময়টুকু নিজের এলাকার মানুষের পাশে থেকে, আপনাদের সেবায় নিয়োজিত থাকতে চাই।” তিনি বিটেশ্বর ইউনিয়নের মানুষের কাছে জানতে চেয়েছেন—চেয়ারম্যান হিসেবে তাঁকে নিয়ে তাঁদের প্রত্যাশা কী। পাশাপাশি তাঁদের দোয়া, ভালোবাসা, মতামত ও সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করেছেন।

এখন বাবুল খন্দকারের প্রার্থী হওয়ার ঘোষণা ঘিরে বিটেশ্বর ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকা এই প্রবাসীর দেশে ফিরে চেয়ারম্যান পদে নির্বাচনের আগ্রহকে ঘিরে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে নানা প্রত্যাশা।
সারাদেশ- এর আরোও খরব 
সম্পাদক ও প্রকাশক : শফিক রেহমান
অফিস:
যায়যায়দিন মিডিয়াপ্লেক্স
৪৪৬ ই+এফ+জি তেজগাঁও শিল্পাঞ্চল, ঢাকা ১২০৮
ইমেইল : [email protected]
বিভাগীয় ফোন:
অনলাইন নিউজ- ০১৩৩৫১০৭৭০১, ০১৫৭২১৭৩৭৭৭
বিজ্ঞাপন বিভাগ- ০১৯১২২৯২৩১৩, ০১৭১১১৭৫৩৩১
সার্কুলেশন বিভাগ- ০১৭১২৩৮০৩২৫, ০১৮৩৪৮০০৮৭৭
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত