প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি-যাযাদিময়মনসিংহের গফরগাঁও উপজেলায় সন্তানকে জিম্মি করে মাকে গণধর্ষণ ও লুটপাটের ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চরআলগী ইউনিয়ন বাসীর আয়োজনে প্রেসক্লাবের সামনে সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে ।
মানববন্ধনে বক্তারা অস্ত্রের মুখে ছেলেকে জিম্মি করে মাকে গণধর্ষণ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গফরগাঁওয়ে এমন ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত করতে এবং একই সঙ্গে ভুক্তভোগী ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান তারা ।
এর আগে গত বৃহস্পতিবার উপজেলার চরআলগী ইউনিয়নের চরকালীবাড়ি এলাকায় রাত ৯টায় এক প্রবাসীর বাড়িতে ঢুকে পানি পান করতে চান কয়েকজন যুবক। এ সময় প্রবাসীর স্কুল (৯ম শ্রেণি)পড়ুয়া ছেলে পানি আনতে গেলে দুর্বৃত্তরা ঘরে ঢুকে অস্ত্রের মুখে মা ছেলেকে জিম্মি করে। পরে ছেলেকে একটি কক্ষে আটকে রেখে মাকে জোরপূর্বক গণধর্ষণ ও ভিডিও ধারণ করে। ঘরের আসবাবপত্র ভাংচুর করে বাড়ির নির্মাণের নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে । এ ছাড়াও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আরো ২ লাখ টাকা দাবি করে দুর্বৃত্তরা।পুলিশ ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঐ রাতেই এলাকায় অভিযান চালিয়ে রাজিব নামে একজনকে আটক করে । এ ঘটনায় শুক্রবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে রাজিবসহ ৫ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
গফরগাঁও থানার ওসি মোঃ মনিরুজ্জামান সেখ বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।আটক রাজিবকে ঐ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গফরগাঁও সার্কেলকে অতিরিক্ত পুলিশ সুপার মনোতোষ বিশ্বাস বলেন, ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের ব্যাবস্থা নেয়া হয়েছে।
এঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।