প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি-যাযাদিনেত্রকোণার পূর্বধলায় চেকপোস্টে পুলিশের সংকেত অমান্য করে পালানোর সময় একটি কাভার্ড ভ্যান আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ভ্যানটি তল্লাশি করে ৭৫০টি ভারতীয় কম্বল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
পুলিশের দাবি, উদ্ধার করা কম্বলগুলোর আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা। চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে পূর্বধলা উপজেলার জালশুকা এলাকার জমজম ফিলিং স্টেশনের সামনে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হলেন—গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বেরাইদের চালা এলাকার মৃত হযরত আলীর ছেলে সুরুজ মিয়া (৪২) এবং ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কালিবাড়ী এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মামুনুর রশিদ (২০)। মামুনুর রশিদের বর্তমান ঠিকানা শেরপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তালুকদার বাড়ি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, ডিবি পশ্চিমের একটি দল জালশুকা এলাকায় চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল। এ সময় ঢাকা মেট্রো-ট-১৭-০৮০২ নম্বরের একটি পুরোনো হলুদ-নীল রঙের কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করেন। পরে ডিবি পুলিশের সদস্যরা ধাওয়া দিয়ে ভ্যানটি আটক করেন।
এ সময় ভ্যানের দুই আরোহীকেও আটক করা হয়।
পরে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ৭৫০টি ভারতীয় কম্বল পাওয়া যায় বলে জানিয়েছে ডিবি। একই ঘটনায় মোশাহেব (৪০) নামে আরও একজনকে পলাতক আসামি করা হয়েছে। তাঁর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
নেত্রকোণা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পুলিশ সুপারের দিকনির্দেশনায় ডিবি পশ্চিমের এসআই আব্দুল জলিল ও এসআই ইমন পালের নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক আসামির বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।