প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৪ পিএম
ছবি-যাযাদিময়মনসিংহের ভালুকায় বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মো. তানভীর ইসলাম (১৫) নামের এক স্কুলছাত্রের মরদেহ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
আজ ১৯ (সেপ্টেম্বর) শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে উপজেলার নেউরা গাঙের 'ইন্তারঘাট' এলাকা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মরদেহটি উদ্ধার করেছেন। দুই দিনে প্রায় ২৮ ঘণ্টার উদ্ধার অভিযানের পর তানভীরের মরদেহ উদ্ধার করা হয়।
তানভীর উপজেলার কাতলামারী গ্রামের মো. তমিজ উদ্দিনের ছেলে। সে কাতলামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্বজন, সহপাঠী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে বাড়ি থেকে বের হয় তানভীর। বেলা ১১টার দিকে উপজেলার কাতলামারী হুতারঘাট এলাকায় নেউরা গাঙে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটার সময় পানিতে ঝাঁপ দিয়ে তলিয়ে যায় সে। বিষয়টি দেখে সঙ্গে থাকা বন্ধুরা দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খবর দেয়।
খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। পরে প্রায় দুই শতাধিক মানুষ গাঙে নেমে তানভীরের সন্ধানে খোঁজাখুঁজি করেন। স্থানীয় লোকজনের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরাও গতকাল শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাঙে তল্লাশি চালান। তবে সন্ধ্যা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে 'ইন্তারঘাট' এলাকা থেকে তানভীরের মরদেহ ভেসে ওঠে। স্থানীয় লোকজন বিষয়টি ডুবুরি দলকে জানালে তাঁরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তানভীরের বড় চাচা মো. বশির উদ্দিন বলেন, ‘সমবয়সী কয়েকজনের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে তানভীর পানিতে তলিয়ে যায়। গতকাল দুপুর ১টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান পাওয়া যায়নি। রাতে অভিযান স্থগিত করে আজ সকালে আবার শুরু করা হয়। একপর্যায়ে ঘটনাস্থল থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে তানভীরের মরদেহ ভেসে ওঠে। পরে ডুবুরি দল ইন্তারঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেছেন৷
ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গতকাল দুপুরে পানিতে পড়ে স্কুলছাত্র নিখোঁজের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল ও তার আশেপাশ এলাকায় খোজাখুজি চালানো হয়। দিনভর নেউরা গাঙে উদ্ধার অভিযান চালিয়েও উদ্ধার করা সম্ভব হয়নি রাতে উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছিল। পুনরায় আজ সকাল থেকে ময়মনসিংহ ডুবুরি দল ও ভালুকা ফায়ার সার্ভিস উদ্ধার কাজে অংশ নেন। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে সাড়ে তিন কিলোমিটার দূরে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।