প্রকাশ: রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
ছবি-যাযাদি আসন্ন ঝালকাঠি পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন আহম্মেদ সালাউদ্দিন। রোববার বিকেলে শহরের সাধনার মোড় থেকে সমর্থকদের নিয়ে শোভাযাত্রা বের করে ঝালকাঠি প্রেসক্লাবে গিয়ে তিনি এ ঘোষণা দেন। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে নিজের প্রার্থিতার কথা আনুষ্ঠানিকভাবে জানান আহম্মেদ সালাউদ্দিন। আহম্মেদ সালাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা আনসার উদ্দিনের সন্তান। তিনি বিএম কলেজ থেকে বি.এস.এস. (অনার্স),এম.এস.এস এবং বরিশাল ল কলেজ থেকে এল.এল.বি ডিগ্রি অর্জন করেন। তিনি ঝালকাঠি জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও তরুণ সমাজসেবক হিসেবে পরিচিত।
অনুষ্ঠানে আহম্মেদ সালাউদ্দিন বলেন, “আমি কোনো প্রতিশ্রুতির রাজনীতি করতে চাই না। ঝালকাঠি পৌরবাসীর সঙ্গে নিয়ে বাস্তবসম্মত পরিবর্তন ও উন্নয়নের জন্য কাজ করতে চাই। পৌরসভার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমি তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ার প্রত্যয় নিয়ে নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”
অনুষ্ঠানে উপস্থিত সমর্থকেরা আহম্মেদ সালাউদ্দিনের প্রার্থিতার প্রতি সমর্থন জানান। এ সময় তাঁর পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মেয়র পদে তাঁর নির্বাচনী প্রত্যয় প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ। আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যে শুরু হয়েছে। বিভিন্ন প্রার্থী ও তাঁদের সমর্থকেরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।