ছবি: যাযাদিভ্রমণ হলো বাংলাদেশকে চেনার অন্যতম সুন্দর উপায়। দেশের ৬৪ জেলা যেন ৬৪ রকম গল্প। কোথাও পাহাড়, কোথাও সমুদ্র; কোথাও নদী, হাওর-বাঁওড়, আবার কোথাও ছড়িয়ে আছে ইতিহাস ও ঐতিহ্যের নানা নিদর্শন। ৬৪ জেলার মধ্যে আপনি কতটি ঘুরে দেখেছেন, আর কতটি এখনো বাকি, সেই হিসাব রাখতে তৈরি করা হয়েছে অনলাইন ভ্রমণ ম্যাপ। নিজের ঘুরে দেখা জেলার তালিকা দিয়ে সহজেই তৈরি করা যাবে বাংলাদেশের একটি ব্যক্তিগত ভ্রমণচিত্র।
ভ্রমণপ্রেমী মো. সাব্বির হোসেন রবিনের তৈরি এই ম্যাপটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সাড়া ফেলেছে। অনেকেই নিজেদের ঘোরা জেলার তালিকা দিয়ে ম্যাপ তৈরি করে ফেসবুকে শেয়ার করছেন। এতে এক নজরেই জানা যাচ্ছে, ৬৪ জেলার মধ্যে কতটি ঘোরা হয়েছে এবং কতটি এখনো বাকি। পাশাপাশি বাকি জেলাগুলো ঘুরে দেখার পরিকল্পনাও করা যাচ্ছে।
যেভাবে তৈরি করবেন ভ্রমণ ম্যাপ
ম্যাপটি তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করলেই আটটি বিভাগে থাকা ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। আপনি যেসব জেলায় ঘুরেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন।
চাইলে পাশে থাকা বাংলাদেশের মানচিত্রে সরাসরি সংশ্লিষ্ট জেলায় ক্লিক করেও সেটি বেছে নেওয়া যাবে। আবার জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।
আপনি যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ৪৩টি ঘুরে থাকলে ভ্রমণের হিসাব দেখাবে ৪৩/৬৪। সব জেলা একসঙ্গে নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’।
কয়েকটি ক্লিকেই এভাবে তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।
শুধু জেলা বাছাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, ম্যাপটি নিজের মতো করে সাজানোর সুযোগও রয়েছে। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে রয়েছে বিভিন্ন থিম বেছে নেওয়ার সুবিধা। নিজের পছন্দের রঙের থিম ব্যবহার করে ম্যাপটি সাজানো যায়।
ওয়েবসাইটে পাচটি থিম দেওয়া আছে। আপনি যেকোনো একটি থিম নির্বাচন করে সেটি ম্যাপে কেমন দেখায়, তা দেখে নিতে পারেন।
চাইলে ম্যাপের সঙ্গে ছবিও যুক্ত করা যাবে। পাশাপাশি নিজের নাম লেখার সুবিধাও রয়েছে। নাম যোগ করা বাধ্যতামূলক নয়। নাম লিখলে ম্যাপের ওপর সেটি দেখা যাবে। নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।
যেভাবে ম্যাপ ডাউনলোড করবেন
নিজের পছন্দ অনুযায়ী ম্যাপটি সাজানো হয়ে গেলে পেজের একেবারে নিচে যেতে হবে। সেখানে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে ম্যাপটি পিএনজি, জেপিজি কিংবা পিডিএফ ফরম্যাটে সংরক্ষণ করা যাবে।
এরপর তৈরি করা ভ্রমণ ম্যাপটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা যাবে। নিজের ভ্রমণের হিসাব রাখার পাশাপাশি কোন কোন জেলা এখনো ঘোরা বাকি, সেই তালিকাও সহজেই তৈরি করা যাবে।