প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৫:২৮ পিএম
সংগৃহীত ছবিএলপিজি ব্যবসায়ীদের ঘোষিত দুই দিনের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এদিকে এলপিজি বিক্রিতে কমিশন বাড়ানোর বিষয়ে আগামী ২৯ অক্টোবর গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন সংশ্লিষ্টরা।
গত ১২ অক্টোবর এলপি গ্যাস ব্যবসায়ীরা ১৫ ও ১৬ অক্টোবর দেশজুড়ে সব এলপিজি দোকান বন্ধ রাখার ঘোষণা দেন।
এলপিজি গ্যাস ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. সেলিম খান ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত দুই দিনে বিইআরসির চেয়ারম্যানের সঙ্গে তাদের কয়েক দফা বৈঠক হয়েছে। সর্বশেষ আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে অনুষ্ঠিত বৈঠকে বিইআরসির চেয়ারম্যান আগামী ২৯ অক্টোবর সকাল ১০টায় গণশুনানির মাধ্যমে তাদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণের আশ্বাস দেন।
তার এই আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে আজ বুধবার সকালে সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এলপিজি অপারেটরদের সঙ্গে বৈঠক করেন সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিরা। বৈঠক শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। একই সঙ্গে ধর্মঘট প্রত্যাহার না করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন জ্বালানিমন্ত্রী।