প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:১৩ পিএম
ছবি-যাযাদি চট্টগ্রামের পটিয়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ডথ প্রকল্পের মাঠপর্যায়ে তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) সকালে পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ১নং ওয়ার্ডের কোটার পাড়া গ্রামে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তথ্যসংগ্রহ কার্যক্রমের শুভ সূচনা করেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক এনাম।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি এনামুল হক এনাম মাঠে নিয়োজিত সুপারভাইজারদের হাতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের জন্য আধুনিক ট্যাব তুলে দেন। পরে তিনি নিজে সশরীরে উপস্থিত থেকে ফ্যামিলি কার্ডের যাবতীয় তথ্য সংগ্রহ কার্যক্রম নিবিড়ভাবে পরিদর্শন করেন এবং কার্যক্রমে সক্রিয় অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি এনামুল হক এনাম বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আমরা নির্বাচনের সময় প্রতিটি মানুষকে ফ্যামিলি কার্ড দেওয়ার যে অঙ্গীকার করেছিলাম, আজকের এই উদ্বোধনী কার্যক্রমের মধ্য দিয়ে বিএনপি সরকার তার সেই কথা রেখেছে।
এ সময় তিনি ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহ কার্যক্রমে যে কোনো ধরনের অনিয়ম ও অনৈতিক সুবিধা আদায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে কঠোর হুশিয়ারি দেন। এমপি বলেন, “ফ্যামিলি কার্ডের নাম ভাঙিয়ে নিজ দলের কেউ কিংবা তথ্য সংগ্রহে নিয়োজিত কোনো ব্যক্তি যদি কারো কাছে অবৈধভাবে টাকা দাবি করে, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না; তাৎক্ষণিকভাবে তাকে আইনের আওতায় আনা হবে। এ ক্ষেত্রে অপকর্মে লিপ্তদের সরাসরি চিহ্নিত করে প্রশাসনকে সহযোগিতা করার জন্য এলাকার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান বলেন, “আজ থেকে পটিয়ায় আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। ধারাবাহিকভাবে পটিয়ার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে শতভাগ নিখুঁতভাবে এই তথ্য সংগ্রহ করা হবে। তিনি পটিয়ার সর্বস্তরের বাসিন্দাদের তথ্য সংগ্রহকারীদের সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য দিয়ে সহায়তা করতে এবং যেকোনো ভুল তথ্য প্রদান থেকে বিরত থাকতে অনুরোধ জানান।
উদ্বোধনী এই অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের সমাজসেবা অধিদপ্তর কর্মকর্তা দেলওয়ার হোসেন, পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, দক্ষিণ জেলা বিএনপির সূস্য শফিকুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।