ছবি-যাযাদি কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে ১১ কিলোমিটার সড়ক হেরিং বোন বন্ড (এইচবিবি) পদ্ধতিতে টেকসই করার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বারবাকিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী ইকবাল হোছাইনের প্রচেষ্টায় এসব সড়কের উন্নয়নে ডিও লেটার দিয়েছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণ প্রকল্পের আওতায় ২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮ অর্থবছরে পেকুয়ার বারবাকিয়া, উজানটিয়া ও শীলখালী ইউনিয়নের মোট ১১টি সড়ক এইচবিবি পদ্ধতিতে উন্নয়নের প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও অর্থ বরাদ্দের অনুরোধ জানিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর কাছে আধাসরকারি পত্র (ডিও লেটার) পাঠিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ইকবাল হোছাইন জানান, বারবাকিয়া ইউনিয়নের গ্রামীণ সড়কগুলো প্রথম পর্যায়ে এইচবিবি পদ্ধতিতে উন্নয়নের উদ্যোগ নিতে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন।
তিনি বলেন, বারবাকিয়া দীর্ঘদিন ধরে যোগাযোগব্যবস্থার নানা সমস্যায় ভুগছে। বর্ষা মৌসুমে কাঁচা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। এসব সড়ক উন্নয়ন করা হলে মানুষের যাতায়াত সহজ হবে। অবহেলিত বারবাকিয়ায় সড়ক যোগাযোগের কারণে সাধারণ মানুষকে যেন আর দুর্ভোগে পড়তে না হয়, সে লক্ষ্যেই কাজ করছি।
প্রস্তাবিত তালিকা অনুযায়ী, বারবাকিয়া ইউনিয়নের কাদিরাকাটা নূরু সওদাগরের বাড়ি থেকে সবজীবন পাড়া দফাদার চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত সড়ক। দিয়ারচর বাড়ি থেকে রাহাত আলীপাড়া ও আরিয়াম হয়ে নোয়াখালী পাড়া পর্যন্ত সড়ক। মধ্যম জালিয়াকাটা থেকে পুরাতন জামে মসজিদ হয়ে কুতুবপাড়া সড়ক। চাকমারছুরি থেকে লাকুরলোম পর্যন্ত ড্রেনসহ সড়ক।বুধামাজির ঘোনা মোস্তাকের বাড়ি থেকে মইয়ারবাপের বাড়ি পর্যন্ত সড়ক। বারাইয়াকাটা নাপিতপাড়া থেকে ওয়াপদার বেড়িবাঁধ পর্যন্ত সড়ক। বারবাকিয়া বাজারের ইউসুবড়ু ঘোনা থেকে নাথপাড়া পর্যন্ত সড়ক।
উজানটিয়া ইউনিয়নের দক্ষিণ সুতাছুড়া কবির আহমদ সড়কের নূর আহমদের বাড়ি থেকে পশ্চিম দিকে কামাল উদ্দিনের বাড়ি পর্যন্ত সড়ক। ফকিরের গুনা সড়কে তৌহিদুল ইসলামের বাড়ি থেকে দক্ষিণ দিকে ছৈয়দুল ইসলামের বাড়ি পর্যন্ত সড়ক। ঠান্ডারপাড়া সড়কে সাইক্লোন সেন্টারের মাথা থেকে বদিউল আলমের বাড়ি পর্যন্ত সড়ক। শীলখালী ইউনিয়নের হেদায়াতাবাদ মনুর বাড়ি থেকে নুরুল হকের বাড়ি পর্যন্ত সড়ক।
এদিকে উজানটিয়া ইউনিয়নের বাসিন্দা অ্যাডভোকেট মীর মোশাররফ হোসেন টিটু জানান, উজানটিয়া ইউনিয়নের আরও তিনটি সড়ক উন্নয়নের জন্য দ্বিতীয় পর্যায়ে ডিও লেটার দেওয়া হয়েছে।
সড়কগুলো এইচবিবি পদ্ধতিতে উন্নয়ন করা হলে স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের দুর্ভোগ কমার পাশাপাশি কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহন সহজ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
তবে প্রস্তাবিত সড়কগুলোর চূড়ান্ত অনুমোদন, অর্থ বরাদ্দ ও বাস্তবায়নের সময়সূচি এখনো সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভরশীল। প্রকল্প অনুমোদন ও কাজ শুরু হলে তিন ইউনিয়নের গ্রামীণ যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা স্থানীয়দের।