প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৬ পিএম
ছবি-যাযাদি নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গনে আওয়ামীলীগ পন্থী আইনজীবীদের "জয় বাংলা স্লোগান" দেওয়ার প্রতিবাদে বিএনপি আইনজীবীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে আইনজীবী ফোরামের আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট শাখাওয়াত হোসেন খান।
সমাবেশে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচারীরা আবারো পূর্ণবাসনের চেষ্টা করছে। তাদের এই চেষ্টা কখনো সফল হতে দেওয়া যাবে না। যারা আদালতে জয় বাংলার স্লোগান দিয়েছে তাদের ছবি দেখে দেখে গ্রেফতার করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, গ্রেপ্তারের বিষয়ে প্রশাসন যদি ব্যর্থ হয় তাহলে এর দায়ভার প্রশাসনকেই নিতে হবে। সাখাওয়াত হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট দোসর আইভী আদালত প্রাঙ্গনে রাজনীতি করতে চাইছেন। সে আদালতে এসে জয় বাংলার স্লোগান দেয়। আমরা আইনজীবীরা তার এই আশা পূরণ হতে দেবো না।
প্রতিবাদ সমাবেশে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু ইউসুফ খানের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবির, অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, অ্যাডভোকেট গালি, এডভোকেট ওমর ফারুক, এডভোকেট আনিসুর রহমান মোল্লা, এডভোকেট সুমন মিয়াসহ সকল আইনজীবীরা উপস্থিত ছিলেন।