প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:০৭ পিএম
ছবি-যাযাদি মাতামুহুরী উপজেলার বদরখালীতে নবসৃষ্ট ম্যানগ্রোভ বন সুরক্ষায় স্থানীয়দের এক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মহেশখালী চ্যানেলের বদরখালী পয়েন্টে নবসৃষ্ট ম্যানগ্রোভ বনায়ন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সভাও সম্পন্ন হয়েছে।
১৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে ভার্চু স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে ম্যানগ্রোভ বন সংলগ্ন বদরখালী ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের জনসাধারণের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নবসৃষ্ট মাতামুহুরী উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কমিটির সভাপতি শাহীন দেলোয়ার। স্থানীয়দের মতামত শুনে ও বর্তমানে নানাভাবে নবসৃষ্ট মানগ্রোভ বন ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয় উল্লেখ করে তিনি বলেন, খুলনায় সুন্দরবন রয়েছে। চকরিয়ায়ও সুন্দরবন ছিলো। কিন্তু অবিশ্বাস্যভাবে তা নাই হয়ে গেছে। এখন ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ম্যানগ্রোভ বনায়ন হয়েছে।আরও হবে। সরকারের সংশ্লিষ্ট সব বিভাগের উচ্চতর স্তরে সবাই এ বিষয়ে অবগত আছেন। সুতরাং তা নষ্ট বা ক্ষতি করার চিন্তা একেবারে মাথা থেকে বাদ দিতে হবে। ভুলেও সে কুচিন্তা করা যাবে না। এমনটা কেউ করলে পরিণতিতে ভোগতে হবে।
বেসরকারি উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) পরিচালক (প্রকল্প) ড. শীতল কুমার নাথ বলেন, আমার জন্মস্থান কুতুবদিয়ায়। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে কুতুবদিয়ার যেসব চর এলাকায় ম্যানগ্রোভ বন ছিলো না, সে সব এলাকার জনবসতি একরাতে একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। পরবর্তীতে সিডরসহ প্রায় ঘূর্ণিঝড়ে বার বার আমরা এর প্রতিফলন দেখে আসছি। আমাদের বাঁচতে হলে এ ম্যানগ্রোভ বনায়নের কোনো বিকল্প নেই। স্থানীয়রা চাইলে তা রক্ষা করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
কমিটির সাধারণ সম্পাদক মহি উদ্দিন কাদের অদুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের (কোডেক) বিডফরসিজে প্রকল্পের ব্যাবস্থাপক মনজুরে এলাহী, দৈনিক সমকালের চকরিয়া প্রতিনিধি এমআর মাহমুদ, স্থানীয় সাবেক এমইউপি সদস্য হেলাল উদ্দিন।
সভায় নবসৃষ্ট ম্যানগ্রোভ বনের সংশ্লিষ্ট এলাকা বদরখালীর ৪, ৫, ৬ ও ৯ নম্বর ওয়ার্ডের জনসাধারণ ও কমিটির সদস্যবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন।