প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি-যাযাদি বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ২১টি পূজামণ্ডপ ও মন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার-ভিডিপির ১৩৬ জন সদস্য। উৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতি নিয়েছে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
বুধবার (১৪ অক্টোবর) ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ।
উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর ভাঙ্গুড়া উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১টি পূজামণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে আটজন এবং গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে উৎসবের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১৩৬ জন সদস্য।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রেজোয়ান আহমেদ বলেন, শারদীয় দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দীর্ঘ ঐতিহ্যের উজ্জ্বল প্রকাশ। এ উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে।
তিনি আরও বলেন, সব ধরনের অপশক্তি ও অপতৎপরতা প্রতিহত করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন নির্বিঘ্নে দুর্গোৎসব উদ্যাপন করতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উপজেলা প্রশিক্ষক (টিআই) নিখিল চন্দ্র, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দ, মন্ডতোষ ইউনিয়নের দলনেতা মো. সবুজ হোসেন, ভিডিপি দলনেতা মো. আছাদুল হকসহ বিভিন্ন ইউনিয়নের দলনেতা-দলনেত্রী, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, ইউনিয়ন আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডাররা।