ছবি-যাযাদি নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনায় বিচারের দাবীতে ফতু্ল্লা প্রেসক্লাবের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ করেছে ক্লাবের সকল সদস্যসহ নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের সাংবাদিক নেতৃবৃন্দ ।
একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে এই প্রতিবাদ সমাবেশ থেকে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজার এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, মোটরসাইকেলে আসা দুই যুবক সাংবাদিক আলিফ ফকিরকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
একজন সংবাদকর্মীকে এভাবে হত্যার ঘটনায় সাংবাদিক সমাজের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। অপরাধ, অনিয়ম ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতার মুখে পড়তে হওয়ার বিষয়টি বিশেষ উদ্যোগের কারন হয়ে দাড়িয়েছে।
শনিবার বেলা ১২ টার দিকে ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম।
এ সময় বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজ জাহিদ, দৈনিক উজ্জীবিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কবিরুল ইসলাম, দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাধন, রফিকুল্লাহ রিপন, মঞ্জুর রহমান বকুল, মামুনুর রশিদ মুন্না।
এছাড়া আরো উপস্থিত ছিলেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. সেলিম মুন্সি, পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন, দপ্তর সম্পাদক সুমন, মো. সোহেল রানা ও প ম আজিজ।